বিএসএফের গুলিতে পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবক নিহত

লেখক: ডিএল ডেস্ক
প্রকাশ: ১১ মাস আগে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমশেরনগর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরে ৮৬৪/৫ নং মূল সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সবুজ মিয়া (৩০)। তিনি নীলফামারীর ডোমার উপজেলার জগৎবেড় ইউনিয়নের পচাভান্ডার গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে গরু আনার উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখার কাছে পৌঁছান। এ সময় ভারতের চেনাকাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে সবুজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুলির শব্দে অন্যরা পালিয়ে আসতে পারলেও সবুজের মরদেহ বিএসএফ নিয়ে যায়।

ঘটনার পর বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডারদের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, নিহত যুবকের মরদেহ বর্তমানে বিএসএফের কাছে রয়েছে। বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনতে কাজ করছে।

আরও পড়ুন  সাত কলেজের শিক্ষকরা আবারও কর্মবিরতির ঘোষণায় ফিরেছেন