বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপসঃ কমিশন

লেখক: ডিএল ডেস্ক
প্রকাশ: ১১ মাস আগে

রোববার (৩০ নভেম্বর) পিলখানা হত্যাকাণ্ডের তদন্তকারী কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডের মূল সমন্বয়ক ছিলেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ও তৎকালীন সংসদ সদস্য ফজলে নূর তাপস।

প্রতিবেদনটি প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান ও অন্যান্য কমিশন সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জমা দেন। কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান বীর প্রতীক (অব.), মুন্সী আলাউদ্দিন আল আজাদ (যুগ্মসচিব), ড. এম. আকবর আলী (ডিআইজি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।

প্রধান উপদেষ্টা বলেন, “বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। কমিশনের মাধ্যমে উদ্ঘাটিত সত্য জাতি স্মরণে রাখবে।” তিনি আরও জানান, এই তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ড সংক্রান্ত প্রায় সকল প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে।

কমিশনের প্রধান ফজলুর রহমান বলেন, তদন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার জন্য সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। ১৬ বছর আগে সংঘটিত এই ঘটনার অনেক আলামত ধ্বংস হয়ে গেছে এবং অনেক সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে চলে গেছেন।

মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার জানান, হত্যাকাণ্ডটি পরিকল্পিত ছিল এবং তৎকালীন সংসদ সদস্য ফজলে নূর তাপস মূল সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন। হত্যাকাণ্ডের সময় স্থানীয় আওয়ামী লীগ সরাসরি জড়িত ছিল; তারা ২০-২৫ জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছিল এবং বের হওয়ার সময় মিছিলে প্রায় দুই শতাধিক মানুষ ছিল।

তালুকদার আরও বলেন, পুরো ঘটনাটির ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল। হত্যাকাণ্ডের দায় নিরূপণ করা হলে দেখা যায়, তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনাপ্রধান পর্যন্ত এই ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যর্থতা ছিল। পুলিশের পাশাপাশি র‍্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোরও ভূমিকা চরমভাবে ব্যর্থ।

আরও পড়ুন  নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের প্রথমার্ধে

কমিশন প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে, ভবিষ্যতে বাহিনীগুলিতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে পদক্ষেপ নেওয়া হোক এবং ভিকটিমদের ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।