জোট করলেও সব দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবেঃহাইকোর্ট

লেখক: ডিএল ডেস্ক
প্রকাশ: ১১ মাস আগে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন হলেও স্ব-স্ব দলীয় প্রতীকে ভোট করার বিধানের বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে জোট গঠন করলেও প্রতিটি রাজনৈতিক দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে—এ বিধান বহাল থাকল।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে গত ২৬ নভেম্বর জোটবদ্ধ নির্বাচনেও দলীয় প্রতীক ব্যবহার বাধ্যতামূলক করার বিধান চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। রিটে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশ্লিষ্ট বিধান বাতিলের আবেদন করা হয়েছিল।

ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)–এর মহাসচিব মোমিনুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

পরে ১ ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে জানতে চান—জোটবদ্ধ নির্বাচনেও স্ব-স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না। আজকের রায়ের মাধ্যমে সেই রুল খারিজ করা হলো।

আরও পড়ুন  কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড